ঝিকরগাছার বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে স্বাক্ষর জাল করায় থানায় লিখিত অভিযোগ করেছে সভাপতি

SHARE
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার ৪নং গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামে অবস্থিত বোধখানা মহিলা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক লিমিটেড ঝিকরগাছা শাখা থেকে ৪ লক্ষ টাকার লোন গ্রহণের বিষয় উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ।
অভিযোগ থেকে জানা যায়, বিবাদী মনিরামপুর থানার কুমরখালী গ্রামের মৃত জনাব আলীর ছেলে বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমান। তার প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ এর স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক লিমিটেড ঝিকরগাছা শাখা থেকে ০০২১৭০৭৫ হিসাব নং থেকে ৪ লক্ষ টাকা লোন গ্রহণ করেছে। বিষয়টি গত ২৪ জুলাই সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ জানতে পেরে বিবাদী সুপারের নিকট এটা জানতে চাইলে, তিনি (সুপার মোঃ মিজানুর রহমান) কোন সৎউত্তর না দিয়ে পরবর্তিতে তার লোকজন দিয়ে বাদি (সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ) কে হুমকি ধামকি প্রদান করেন। উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানার অফিসার ইনচার্জের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ সাইফুর রহমান সাইফ বলেন, প্রতিষ্ঠানের সুপার মোঃ মিজানুর রহমান তিনি ব্যাংক থেকে লোন নিবেন এটা আমাকে জানাতে পারতো। কিন্তু তিনি আমাকে না জানিয়ে আমার অজান্তে মাদ্রাসার পক্ষ থেকে নিজের নামে একটি প্রত্যায়নপত্র তৈরী করে। সেই প্রত্যায়নের আমার স্বাক্ষর জাল করেছে এবং সেই জাল স্বাক্ষর বা জাল প্রত্যায়নের বুনিয়াদে ব্যাংক তাকে লোন দিয়েছে। বিষয়টি আমি জানতে পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং ২৭ জুলাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 
বোধখানা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বিকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ জানান, মাদ্রাসার সভাপতি আমার কাছে সুপারের সাময়িক বরখাস্তের একটি অনুলিপি দিয়েছে। কিন্তু আমার কাছে কোন লিখিত অভিযোগ দেয়নি। এটার বিষয় বর্তমান মাদ্রাসার কর্তৃপক্ষই বলতে পারবে।
ঝিকরগাছা থানার অভিযোগের তদন্তকারী অফিসার এএসআই শাহিন জানান, উল্লেখিত বিষয়ে আমার নিকট একটি অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

SHARE

0 মন্তব্য(গুলি):