আলো ছড়ানো তিন মুখ, ধুমঘাটের ব্যতিক্রমী আয়োজন
ব্যতিক্রমী আয়োজন, গুণীজনদের সম্মাননা এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার প্রত্যয়ে যশোরে অনুষ্ঠিত হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধুমঘাট-এর ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য শুভ সূচনা শুরু হয়।
শুক্রবার (১৫ মে ২০২৬) প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গুণীজন সম্মাননা ২০২৬ ও গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
“শূন্যর কবির পূর্ণ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান কবীর, একই কলেজের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন এবং পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা খাতুন @ মেঘনা ইমদাদ ।
কম সুবিধাপ্রাপ্ত শিশুদের শিক্ষা কার্যক্রম পরিচালনায় অনন্য ভূমিকার জন্য স্বপ্নলোকের পাঠশালা-এর সঙ্গে সম্পৃক্ত মেঘনা খাতুন @ মেঘনা ইমদাদকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। একইসঙ্গে ‘আইডিয়া’-এর প্রতিষ্ঠাতা প্রফেসর হামিদুল ইসলাম এবং ‘সপ্তাহে একটি বই পড়ি’-এর প্রতিষ্ঠাতা প্রফেসর মো. শাজাহান কবীরকেও সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেন ঝিনাইদহ সরকারি কে.সি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. বিএম রেজাউল করিম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা এবং যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মনিরুল ইসলামের লেখা ‘আগামীর সাংবাদিক : কিশোর বয়সেই হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ধুমঘাটের তিন বছরের যাত্রা নিয়ে নির্মিত তথ্যচিত্র এবং ‘তারুণ্যের বাতিঘর’ শিরোনামে গুণীজনদের জীবন ও কর্মকাণ্ডভিত্তিক আরেকটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
দ্বিতীয় পর্বে গ্রন্থের ওপর আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক ড. বিএম রেজাউল করিম, যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মমিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর এর সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এবং গ্রন্থের লেখক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক শাহেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা পাবলিক কলেজের সহকারী অধ্যাপক তাগদীরুল গনী নিবিড় ও দীপান্বিতা সিংহ রায়।
উল্লেখ্য গুণীজনদের সম্মাননা, বইয়ের মোড়ক উন্মোচন এবং তারুণ্যনির্ভর আয়োজনে সব মিলিয়ে ধুমঘাটের এ আয়োজন উপস্থিত অতিথিদের মাঝে ভিন্নমাত্রার আবেগ ও অনুপ্রেরণার সৃষ্টি করে।

0 মন্তব্য(গুলি):