আশরাফুজ্জামান বাবু, সহ বার্তা সম্পাদক :
যশোরের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে অবস্হিত আল-মদিনা বেকারিতে চুরি সংঘটিত হয়েছে। প্রকাশ্য দিবালোকে বাসস্ট্যান্ডের মত জনাকীর্ণ স্হানে দোকানের শার্টার খুলে নগদ ১০হাজার ৯শত ৫০ টাকা, একটি ভিভো ওয়াই- ২০ মোবাইল এবং একটি মানিব্যাগ চোরে নিয়ে গেছে। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক মোঃ মোশাররফ হোসেন।
অভিযোগের সুত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের আজান হলে দোকানী (মোশাররফ হোসেন) তার দোকানের শার্টার টেনে পাশেই অবস্হিত বাস স্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য যান। আনুমানিক পনেরো মিনিট পরে তিনি এসে দেখেন দোকানের শার্টার হাফ খোলা। ভেতরে প্রবেশ করে দেখেন দুটো ক্যাশ বাক্স থেকে কে বা কাহারা নগদ ১০৯৫০/= টাকা, একটি ভিভো ওয়াই ২০ মডেলের মোবাইল ফোন এবং তার ব্যবহ্রত মানিব্যাগটি নিয়ে গেছে।
এ ব্যাপারে মোশাররফ হোসেন জানান তিনি ভাবতেও পারেননি এত লোকজনের মধ্যে দিনের আলোতে কেউ তার দোকানে শার্টার খুলে চুরি করতে পারে। তিনি এবিষয়ে থানায় অভিযোগ এবং একটি জিডি করেছেন, যার নং ১১৫১। একেবারে মুল বাসস্টান্ডে জনাকীর্ণ এলাকায় দিনের আলোতে এধরনের দুঃসাহসিক চুরি দেখে উপস্থিত সকলে হতবাক হয়ে যান। এর আগেও ঝিকরগাছা বাজারে বিভিন্ন দোকান থেকে এরকম চুরি সংঘটিত হয়েছে। এবিষয়ে স্হানীয় জনগন এবং ব্যবসায়ীরা সকলকে সতর্ক থাকার এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর আহবান জানিয়েছে।

0 মন্তব্য(গুলি):