ঝিকরগাছা-চৌগাছায় বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নেওয়া হলো নবনির্বাচিত এমপি মুন্নিকে
আফজাল হোসেন চাঁদ:সংরক্ষিত নারী আসন (৩১৪) থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নির যশোর আগমনকে কেন্দ্র করে বুধবার এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা থেকে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ এলাকায় আসায় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানাতে যশোর বিমানবন্দরে ভিড় করেন। এ সময় দুই উপজেলার সাধারণ মানুষের মাঝেও আনন্দের বন্যা বয়ে যায়।
সকাল পৌনে ১১টার দিকে তিনি ঢাকা থেকে যশোর বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও বিশাল মোটরশোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন। এ সময় মুহুর্মুহু স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো বিমানবন্দর এলাকা। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
বিমানবন্দর থেকে এমপি মুন্নি সরাসরি যশোর শহরের কারবালা কবরস্থানে যান। সেখানে তিনি দক্ষিণবঙ্গের প্রথিতযশা রাজনীতিক ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর তিনি ঝিকরগাছায় নিজ এলাকায় পৌঁছে তার স্বামী, উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। পাশাপাশি তিনি পর্যায়ক্রমে সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান, সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সামাদ বড় সাহেবের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রয়াত নেতাদের স্মরণে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সাবিরা সুলতানা মুন্নি বলেন, “ঝিকরগাছা ও চৌগাছার মানুষের এই ভালোবাসা আমাকে ঋণী করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি নিরলসভাবে কাজ করে যাব। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার মানুষের সেবা করার আহ্বান জানাই।”
এ সময় ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় শীর্ষ নেতারাও এই বর্ণাঢ্য সফরে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত থেকে তাকে অভিনন্দন জানান। সাধারণ মানুষের মাঝেও নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

0 মন্তব্য(গুলি):