সংযোগ খালে সেতু নির্মাণে স্বস্তি ফিরবে ঝিকরগাছায়, উদ্বোধন করলেন এমপি ফরিদ
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের করিমালি গ্রামে বেতনা নদীর সংযোগ খালের উপর সেতু নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী এ. এম. সাইফুল ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, নাভারণ ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আসাদুজ্জামান বাবলু, স্থানীয় বিএনপি নেতা হারুনুর রহমান, নাভারণ ইউনিয়ন জামায়াতের যুব সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি মোমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
পাঁচপুতা বাজার সংলগ্ন খালের উপর ৯.৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি নির্মাণ করা হবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৫ লাখ ৬১ হাজার ৩১০ টাকা। সেতুটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং তত্ত্বাবধান করবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
উদ্বোধন শেষে সংসদ সদস্য পাঁচপুতা বাজার থেকে নাভারণগামী সড়কের একটি জরাজীর্ণ সেতু পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সাথে কথা বলে আশ্বস্ত করেন যে, দ্রুত সময়ের মধ্যেই নতুন সেতু নির্মাণের প্রকল্পটি সরকারের কাছ থেকে অনুমোদন এনে বাস্তবায়ন করা হবে।
এছাড়াও একই দিনে তিনি পাঁচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনও পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে জানান, স্কুলের উন্নয়ন প্রকল্প অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।
স্থানীয়দের আশা, নতুন সেতু নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং এলাকার জনদুর্ভোগ কমে আসবে।

0 মন্তব্য(গুলি):