ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে : ইউএনও ভুপালী সরকার

SHARE

ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভায় ডিলারসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা 

ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে : ইউএনও ভুপালী সরকার

আফজাল হোসেন চাঁদ :

ঢেঁকি স্বর্গে গেলেও ধানভানে মর্মে যশোরের ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভায় ডিলারসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার সভাপতির বক্তব্যে বলেন, আমার থাকা না থাকার বিষয়টিকে দুর্বলতা ভেবে অসহযোগিতা করার চেষ্টা বা সুযোগ নেয়ার অবকাশ নেই।

বিগত সভায় সুবিধাভোগীদের  তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তি ও প্রকৃত অসচ্ছলদের নাম বাদপড়ার সুনির্দিষ্ট তথ্য লিখিত আকারে আজকের সভায় উপস্থাপনে তাঁর দেয়া নিদের্শনা প্রতিপালনে ব্যর্থ হওয়ায় তিনি এই উপমা তুলে ধরেন। তিনি আরও বলেন, গরিবের চাল ফেরত যাক সেটা আমরা চাইনা। প্রকৃত অসচ্ছল, দুস্থ-অসহায় মানুষ যেন কোনমতে তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে নিশ্চিত করতে চাই কোন সচ্ছল ব্যক্তি যেন তালিকাভুক্ত না হতে পারে"।

একটি পাকাবাড়ি থাকলেই তিনি সচ্ছল তা ঠিক নয়। জায়গাজমি, সম্পদ-সম্পত্তি ব্যবসা-বাণিজ্য আছে কিনা? তিনি আয়-রোজগারে সক্ষম কিনা,অন্য কোন সম্পদ আছে কিনা? সেটি নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃতব্যক্তি,প্রবাসী ও প্রকৃত সচ্ছল ব্যক্তিদের চিহ্নিত করে লিখিতভাবে অবহিত করতে হবে। কোনো চাপের কাছে মাথানত না করার পরামর্শ দিয়ে ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ডিলারশিপ রাখার দরকার নেই। প্রয়োজনে আমরা বিকল্প ব্যবস্থা করব। আমার জায়গায় যিনি আসবেন তিনিও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা খাদ্য অফিসার ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ফাতেমা সুলতানা, উপজেলা পল্লী জীবিকায়ন অফিসার (পজীব) আনিসুর রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীনসহ ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ,ট্যাগ অফিসারবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যানসহ ৪৯জন ডিলারবৃন্দ। 


SHARE

0 মন্তব্য(গুলি):