ঝিকরগাছায় ৮টি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

SHARE

আফজাল হোসেন চাঁদ :

কাগজপত্র এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় যশোরের ঝিকরগাছায় আটটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে সিলগালার মাধ্যমে বন্ধ করে দিয়েছে। সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার মধ্যে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনার করে ৮ টি অনিবন্ধিত ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সিলগালা করে দিয়েছে প্রশাসন।

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হল, পৌর সদর বাজারের সালেহা ক্লিনিক, ফেমাস মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আয়েশা মেমোরিয়াল মেডিকেল সেন্টার, আনিকা ক্লিনিক, মোহাম্মদ আলী ক্লিনিক ও মোহাম্মদ আলী ডায়াগনস্টিক সেন্টার, এবং ছুটিপুর বাজারের সীমান্ত ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস কেয়ার এবং ছুটিপুর প্রাইভেট ক্লিনিক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রশিদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস.কে রাজিবুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট (এমটি-ইপিআই) কামরুজ্জামান।

ডা. রশিদুল আলম জানান, যে সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। তবে যাদের নিবন্ধন ছিলো কিন্তু মেয়াদ শেষে নবায়ন করাননি তাদেরকে পনেরো দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে নিবন্ধন গ্রহণ না করলে সেই প্রতিষ্ঠানগুলোকেও বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, উপজেলার আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অননুমোদিত  ক্লিনিক বন্ধ করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ। এসকল প্রতিষ্ঠানে ভুল চিকিৎসায় ইতিপূর্বে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী দিনগুলোতেও এধরণের অভিযান চলমান রাখার আশা পোষণ করেন স্থানীয় জন সাধারণ।


SHARE

0 মন্তব্য(গুলি):