আফজাল হোসেন চাঁদ ও আশরাফুজ্জামান বাবু :
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কাজী খালিদ হাসান (১৭)। সে হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল। কৃষক পিতা কাজী আব্দুল বারিক ও গৃহিনী মাতা শিউলী বেগমের অতি আদুরের বড় সন্তান।
খালিদ দীর্ঘদিনের অধ্যাবসায়ে এই সক্ষমতা অর্জন করেছে। তার অসাধারণ এই নৈপুণ্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তাদের গ্রামের বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন।
সরজমিন পরিদর্শনে দেখা ও কথা হয় খালিদের সাথে। প্রথমেই সে এই প্রতিবেদকদের সামনে তার নৈপুণ্য প্রদর্শন করেন। কৃষক পিতার সন্তান খালিদ পলাশি আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র। একটা প্রমান্যচিত্রে একদিন সে দেখেছিল ১৩ টি টেনিস বল একসঙ্গে হাতে রেখে একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে।
যার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের একান্ত প্রচেষ্টায় সে প্রাকটিস শুরু করে এবং বর্তমানে একে একে ১৭ টি বল একসঙ্গে তার হাতে রাখতে পারে।
খালিদ বলে, পূর্বে কেউই একসঙ্গে এতগুলো বল হাতে রাখতে পারেনি। এটি আমার একটি বিশ্ব রেকর্ড। ইতিমধ্যে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে তার এই অসামান্য কীর্তির স্বীকৃতি পেতে আবেদন জানিয়েছে।
এছাড়াও তার এই রেকর্ড সারা পৃথিবীর সামনে তুলে ধরতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

0 মন্তব্য(গুলি):