ঝিকরগাছা পৌর নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের খাতায় ২ মেয়র ৬ কাউন্সিলর প্রার্থী

SHARE

আফজাল হোসেন চাঁদ : 

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল। উক্ত বাছাইকালে মেয়র পদে ২, সংরক্ষিত কাউন্সিলর পদে ১ এবং সাধারণ কাউন্সিলর পদে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খাতায় পড়ে গেছে।

যশোরের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম বলেন, ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৮ ও সাধারণ কাউন্সিলর পদে ৬৬ মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের যাচাই-বাছাইয়ে সময় মেয়র পদে ২ (হুমায়ুন কবির এবং আব্দুল্লাহ আল সাঈদ), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ (রেশমা খাতুন) এবং সাধারণ কাউন্সিলর পদে ৫জন‌ (আজাদ রহমান, মোর্তজা রেজা মনি, ইব্রাহিম হাসান, সেজান মাহমুদ সিপন, মোঃ তারিকুজ্জামান) প্রার্থী বাদ পড়েছে।

বর্তমানে পৌর নির্বাচনে ভোটের মাঠে থাকবেন মেয়র পদে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা। এছাড়াও নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকবেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক একেএম আমানুল কাদির, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (১) মোঃ ছেলিমুল হক সালাম এবং যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ শিপন, অপরদিকে পৌরসভা নাগরিক সমাজের ব্যানারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান হাসান নিপুন।

উল্লেখ্য পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ আগামী ২৭ ডিসেম্বর এবং ইভিএম'র মাধ্যমে ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারি ২০২২, রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

SHARE

0 মন্তব্য(গুলি):